| ১১ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন
খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে তিনি?

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 133675 বার পঠিত
খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে তিনি?
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে তিনি?

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)। এ আসনটি খালেদা জিয়ার আসন হিসেবেই পরিচিত। কেননা এই আসন থেকে নির্বাচিত হয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হয়েছেন তিনি।

এই আসনে ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া ভূঞাকে পরাজিত করে খালেদা জিয়া সর্বপ্রথম বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রার্থী এম ওয়াজী উল্লাহ ভূঞাকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী এবং ১৯৯৬ সালের পুনর্নির্বাচনে নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। ২০০১ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর ইমামকে পরাজিত করে তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই আসনে দলটির সম্ভাব্য প্রার্থী কে হচ্ছেন—দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নাকি অন্য কেউ, তা নিয়ে নানা জল্পনা-কল্পনায় ঘুরপাক খাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এদিকে অনেক আগেই এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি দলীয় ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রচারে এগিয়ে রয়েছে দলটি।

দলীয় অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। তবে এখানে কোনো কমিটি নেই তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এবার এই আসনটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেই প্রার্থী চান দলটির তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়রা। তবে শারীরিক কারণে তিনি নির্বাচন করতে অক্ষম হলে এখানে দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেগম জিয়ার ছোট ছেলে মরহুম কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং প্রয়াত সাঈদ ইস্কান্দারের ছেলে ব্যারিস্টার শামস ইস্কান্দারের নামও শোনা যাচ্ছে।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ আসনটিতে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট কালাম আহমেদ দলীয় প্রার্থী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয়দের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক), জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম এবং খেলাফত মজলিসের জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল আজিজ আহমদীকে নিজ নিজ দলের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ