মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের (৩০ অক্টোবর-১ নভেম্বর) আগে চীন সফর করতে পারেন। অথবা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করতে পারেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট রবিবার একাধিক সূত্রের বরাতে জানিয়েছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই দেশ বর্তমানে শুল্কসংক্রান্ত পাল্টাপাল্টি বাণিজ্যযুদ্ধের অবসান নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলকে বিপর্যস্ত করে তুলেছে। ঘটনার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, এ বছর দুই দেশের নেতাদের বৈঠক এশিয়ার কোনো অঞ্চলে হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সময় ও স্থান চূড়ান্ত হয়নি। ট্রাম্প প্রায় সব আমদানি পণ্যের ওপর শুল্ক বসানোর পক্ষে। তার দাবি এর ফলে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে।
তবে সমালোচকরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের জন্য পণ্যের দাম আরও বাড়বে। তিনি সব আমদানি পণ্যের ওপর শতকরা ১০ ভাগ ‘সার্বজনীন বেস শুল্কহার’ প্রস্তাব করেছেন এবং চীনসহ ‘সবচেয়ে সমস্যাজনক’ দেশগুলোর জন্য আরও বেশি শুল্কহার আরোপের পক্ষে। বর্তমানে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৫৫ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টেকসই শুল্ক চুক্তি চূড়ান্ত করার জন্য ট্রাম্প ১২ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। শরতের এই সম্ভাব্য বৈঠক নিয়ে ট্রাম্পের মুখপাত্র কোনো মন্তব্য করেননি। সর্বশেষ উচ্চপর্যায়ের আলোচনাটি হয়েছিল ১১ জুলাই মালয়েশিয়ায়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলোচনার দিকনির্দেশনা নিয়ে গঠনমূলক ও ইতিবাচক বৈঠক করেছেন বলে দুই পক্ষ জানায়। তখন রুবিও জানান, ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি ও শি বৈঠকটি আয়োজনে আগ্রহী।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |